মঙ্গলবার (২১ মে) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন ,৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে ভোটে ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। সন্ধ্যা নাগাদ ফলাফল আসতে শুরু করবে।
উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ৩৬ শতাংশের মতো ভোট পড়ে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তখন প্রধান নির্বাচন কমিশনার ভোটার উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যায় বলেছিলেন বৃষ্টি এবং ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম। আজ এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে সিইসি বলেন, ৩০ শতাংশের ওপরে ভোটার উপস্থিতিকে আমি সন্তোষজনক মনে করি না। তবে তিনি বলেন, এটা কমিশনের ব্যাপার নয়, রাজনৈতিক কারণে ভোটার উপস্থিতি কম।
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সহিংসতার তেমন ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটের সময় বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জাল ভোটের অপরাধে ১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়। ভোটগ্রহণ চলাকালে দুইজন অতিরিক্ত গরমে মারা যান জানিয়ে সিইসি তাদের আত্মার শান্তি কামনা করেন।