মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

অনেক পণ্যের ভালো মজুদ থাকার পরও দাম বাড়ছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২০ ২৩:৪৫:৪৯

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে অনুষ্ঠিত ম‌ন্ত্রিসভার বৈঠ‌কে বাজার মনিটরিংএ আরো জোরালো ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, অনেক পণ্যের ভালো মজুদ থাকার পরও দাম বাড়ছে। তিনি এজন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার তদারকি বাড়াতে নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
এদিকে, আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন, ২০২৪ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের মাসিক বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা এবং অন্যান্য কমিশনারদের বেতন হবে ৯৫ হাজার টাকা। তাদের অন্যান্য সুবিধা আগের মতোই থাকছে। 
নতুন আইনটি সংসদে পাস হলে সিইসির পদমর্যাদা হবে আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্যান্য কমিশনাররা ভোগ করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান মর্যাদা।
একই সঙ্গে আজকের মন্ত্রিসভায় 'অ্যাপোসটোল কনভেনশন, ১৯৬১'-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে শিক্ষার্থীসহ অন্যদের আবেদনে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের অনুমোদন লাগবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন হলেইে চলবে। এতে ভোগান্তি ও খরচ কমবে। 
আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। আগামী বছর থেকে এই পুরস্কার দেয়া হবে। প্রতি ২ বছর পর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এই পুরস্কার ঘোষণা করা হবে জুরিবোর্ডের মাধ্যমে। পুরস্কার হিসেবে থাকবে  এক লাখ মার্কিন ডলার ও ১৮ ক্যারেটের ৫০ গ্রামের স্বর্ণপদক। এর জন্য গঠন করা হবে আলাদা ফান্ড, যেখানে অনুদান গ্রহণ করা হবে।
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেন, সড়কে অটোরিকশা চলাচলের বন্ধের সিদ্ধান্তটি তার সাথে আলোচনা না করে নেয়া হয়েছে। তিনি সভায় এ বিষয়ে বিস্তারিত জানতে চান। এরপর তিনি মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে অটোরিকশা চলবে বলে সিদ্ধান্ত দেন। 
তিনি বলেন, 'জীবন জীবিকার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া ঠিক হয়নি। তাদের জন্য নির্দিষ্ট এলাকা ভাগ করে দেয়া হবে। কোন অবস্থায় মহাসড়কে চালানো যাবে না। তাদের জন্য নির্দিষ্ট মডেলের অটোরিকশার ব্যবস্থা করতে হবে যাতে দূর্ঘটনা কমে।'


এ জাতীয় আরো খবর