চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে মোসা: ফারহানা (৪) ও মো. ফাহিম হোসেন ওরফে সারফরাজ (৩) নামে দু’শিশুর মৃত্যু হয়েছে। শিশু দ’জন সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। ফারজানা চৌডালা ইউনিয়নের মমিনপাড়া গ্রামের মো: ফিজ্জুল ইসলামের মেয়ে ও ফাহিম একই গ্রামের ফিজ্জুলের ভাই ফাউদ ইসলামের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার(১৭মে) দুপুরের দিকে ফিজ্জুল ও ফাউদের বাড়ির প্রায় দুইশ গজ দুরের ছোট একটি পুকুরে ডুবে মারা যায় ভাইবোন। পরিবারের বরাতে পুলিশ জানায়,ভাইবোন বাড়ির সকলের অগোচরে খেলতে খেলেতে ওই পুকুরে এক সাথে পড়ে যায় ও ডুবে মারা যায়। দুপুর ১২টার দিকে তাদের নিখোঁজের বিষয়টি পরিবারের সদস্যরা খেয়াল করার সাথে সাথে খোঁজ শুরু করে। সাড়ে ১২টার দিকে ওই পুকুর থেকে একসাথে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার হয়।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন বলেন, শিশু দু’জনের পিতা একই বাড়িতে বসবাস করে। বাড়ির অদুরে পুকুরপাড়ে খেলার সময় অসাবধাণতাবশত: তারা পুকুরে পড়ে ডুবে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।