চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ঝড়বৃষ্টির সময় বাড়ির নিকট আমবাগানে আমকুড়াতে গিয়ে বজ্রপাতের পৃথক ঘটনায় রিশাদ(১১) নামে এক শিশু ও তারিফা(১৬) নামে এক কিশোরির মৃত্যু হয়েছে। রিশাদ বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। অপর দিকে তারিফা মহারাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্য শেখপাড়া লিচুতলা গ্রামের তাজেমুল হক বুধুর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়,গত বৃহস্পতিবার(১৬মে) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।
বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিশাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মাহাবুবুর রহমান ও মহারাজপুর ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারিফার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন। এ সব ঘটনায় সদর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।