বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহাখালী বাস টার্মিনাল থেকে বের হওয়া আন্তঃজেলা বাসগুলোতে গেটলক সিস্টেম চালু করেছে গুলশান ট্রাফিক বিভা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১২ ২৩:২৪:০৭

রোববার (১২ই মে) মহাখালী বাস টার্মিনাল থেকে বের হওয়া আন্তঃজেলা বাসগুলোতে গেটলক সিস্টেম চালু করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এর ফলে টার্মিনাল থেকে বের হয়ে বনানীর কাকলী পর্যন্ত আন্তজেলা বাসগুলো কোথাও দাঁড়াতে পারবে না। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হলে এই সড়কে বিশৃঙ্খলা ও যানজট কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তা থেকে যাত্রী তুলতে তুলতে যায় আন্তজেলা বাসগুলো। ফলে সড়কে বিশৃঙ্খলা ও যানজট তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আন্তঃজেলা গেটলক সিস্টেম চালু করেছে গুলশান ট্রাফিক বিভাগ। 
বনানীর কাকলীতে এই সার্ভিসের ও চেকিং পয়েন্টের উদ্বোধন করেন ডিএমপি’র গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল মোমেন। তিনি জানান, বিশৃঙ্খলা রোধে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে কাকলী বাস স্টপেজের আগে বাসগুলো যাতে যাত্রী তুলতে না পারে সেটা মনিটরিং করা হবে।
ট্রাফিক বিভাগের এই সেবার সাথে সমন্বয় করে কাজ করবে পরিবহন মালিক এবং শ্রমিকরাও। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, কেউ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোন আপত্তি থাকবে না তাদের। 
গেটলক এই সার্ভিসের ফলে এখন থেকে মহাখালী টার্মিনাল থেকে বাস ছেড়ে কাকলী, এরপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে।


এ জাতীয় আরো খবর