চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেন থেকে পড়ে সামিউল আলিম (১১) নামে এক শিশু আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন,রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার(২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বিদিরপুর রুহুল বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। আহত সামিউল সদর উপজেলার ইউসুফনগর পুলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাস্টার মো.ওবাইদুল্লাহ বলেন, সোমবার(২২এপ্রিল) বিকেল সোয়া ৫টায় জেলার রহনপুর ষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৫৮৩ ডাউন লোকাল ট্রেন থেকে ষ্টেশনের ২/৩ কিলোমিটার দুরে পড়ে যায় শিশুটি। ট্রেনের গার্ডের বরাতে তিনি বলেন, সমবয়সী বন্ধুদের সাথে ট্রেনের বগির দরজায় ঝুলে খেলার সময় অসাবধনতাভশত: শিশুটি পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশকে (জিআরপি) বলা হয়েছে।
জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মোসা.শারমিন বলেন, স্থানীয় কয়েক ব্যাক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে তার মা হাসপাতালে আসেন। শিশুটি দেহের বিভিন্ন স্থানসহ মূলত: মাথায় জখমপ্রাপ্ত হয়েছে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুল হকের বরাতে তিনি বলেন, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।