চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাটাইডুবী (জয়নাল বিশ^াসের টোলা) এলাকার একটি আমবাগানের ভেতরে থাকা একটি মেহগনি গাছের প্রায ৫০ ফুট উপর থেকে মো.শামিম(২৬) নামে এক যুবকের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার(২১ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় রাত সোয়া ৯টার দিকে মরদেহটি গাছ থেকে নামায়। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। শামিম ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেররশিয়া লক্ষীনারায়ায়নপুর পোড়াগাঁ এলাকার মো. সোনার্দির ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার(২০ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হয় শামিম। এরপর তাঁর আর কোন খোঁজ মেলেনি। রোববার সন্ধ্যায় নির্জন ওই বাগানে ঘাস কাটতে যাওয়া একদল শিশু কিশোর মরদেহ গাছে ঝুলতে দেখে গ্রামে খবর দেয়। স্থানটি শামিমের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে । সূত্রগুলো আরও জানায়, শামিমের সাথে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শামিমের পরিবার সম্পর্কটি মেনে নেয় নি। তারা শামিমকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে। এতে সে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম সাকলাইন বলেন, মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন ছিল না। কিন্তু কমপক্ষে ৩দিন চলমান দাবদাহে রোদে পুড়ে মরদেহ বিকৃত হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ সোমবার(২২ এপ্রিল) পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লীডার হারুনুর রশিদ বলেন, মরদেহ গাছ থেকে নামাতে ভারী যন্ত্রপাতি,দুটি ল্যাডারসহ ১০ জন উদ্ধারকর্মী কাজ করে।