আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আর জুনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসাবে শনিবার ভোর ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এবার ৩৫ জন ক্রিকেটার অংশ নেয় এই ফিটনেস পরিক্ষায়। খেলোয়াড়দের শারীরিক অবস্থা বুঝতেই এই আয়োজন করেছে বিসিবি।
বিশ্বকাপে খেলানোর পরিকল্পনায় থাকা ৩৫ ক্রিকেটার এ দিনমাঠে এসেছেন। ক্রিকেটারদের ফিটনেস পরিক্ষার পুরো সময় পর্যবেক্ষণ করেন বিসিবির নতুন ট্রেইনার নাথান কেইলি। প্রথমে ওয়ার্মআপ দিয়ে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়ে অংশ নেয় ক্রিকেটাররা। এ ব্যাপারে বিসিবি ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি জানান খেলোয়াড়দের ফিটনেস বুঝতে নতুন ট্রেইনার নাথান কেইলির চাওয়াতেই এ আয়োজন করেছে বিসিবি।
ক্রিকেট খেলায়ফিটনেস গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় বিসিবি এবার ক্রিকেটারদের ফিটনেসের ওপর বেশি জোর দিচ্ছে। বিসিবির ক্রিকেট পরিচালনা ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ক্রিকেটারদের অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌঁড়ানোর উদ্দেশ্য সফল হয়েছে। সেই সাথে ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে এই প্রজন্মের ক্রিকেটাররা।
দেশের বাইরে থাকায় ফিটনেস টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। আর ডিপিএলে টানা ম্যাচ খেলায় তাসকিনকে নিয়ে বাড়তি ঝুঁকি নেননি টিম ম্যানেজম্যান্ট। আর ইনজুরির কারণে ছিলেন না সৌম্য সরকার।