বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বালুবাহী ট্রাক্টর চলাচলে সীমান্তবর্তী সড়কের ক্ষতি হওয়ার দ্বন্দে দু’পক্ষে সংঘ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-১৮ ২২:৫৫:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় সীমান্তঘেঁষা কাঁচা সড়কের উপর দিয়ে বালু ও মাটিবাহী ট্রাক্টর চলাচলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর  সংঘর্ষে  কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। এর মধ্যে অন্তত: ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঠুঠাপাড়া গ্রামের ওই সড়কের উপর দিয়ে পদ্মানদী থেকে তোলা বালু ও মাটিবাহী ট্রাক্টর যাতায়াতে সড়কের ক্ষতি হলে বাধা দেয় স্থানীয় আ’লীগ নেতা আলাউদ্দীনের নেতৃত্বে গ্রামবাসীর একাংশ। এনিয়ে বালু নিয়ে যাতায়াতকারী মনাকষা ইউপির ৮ নং ওয়ার্ডের ৪ বারের সদস্য  ও বিএনপি নেতা সমির উদ্দীনের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার(১৭এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সমির মেম্বারকে আটকের চেষ্টা করে প্রতিপক্ষ। পরে নিজের সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে। তবে রাত দুইটা পর্যন্ত উত্তেজনা চলে।
এরই জেরে বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকাল ১১টার দিকে দু’পক্ষের কয়েকশত লোক দেশীয় অস্ত্র নিয়ে ঠুঠাপাড়া খালের উপর সেতুর দু’দিকে অবস্থান নেয় ও সংঘাতে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাঝখানে অবস্থান নিয়ে দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদৎ হোসেন খুররম বলেন, বিষয়টি স্থানীয়। রাজনৈতিক নয়। দুপক্ষের মধ্যে ওই সড়কে ট্রাক্টর চলাচল নিয়েই দ্বন্দ। তবে বিগত ইউপি নির্বাচনে আলাউদ্দিন ও  সমির ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় কেউ আটক হয় নি। রাত ৮টা পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগও দেয় নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। দু’পক্ষের দুই নেতা দু’দলের হলেও বিষয়টি স্থানীয় ও এটা নিয়ে আগে থেকেই দ্বন্দ ছিল বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর