মহেশখালী কক্সবাজার ১৭ এপ্রিল ২০২৪
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে "ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক" এক আলোচনা সভা বিকাল ৪ ঘটিকার সময় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মীকি মারমা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি,মহেশখালী পৌর মেয়র জননেতা আলহাজ্ব মকসুদ মিয়া।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজবীর হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী, প্রকল্প কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান শিকদার, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, আওয়ামিলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংক ও এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব আশেক বলেন-
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।
এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগরে তৎকালীন সাব–ডিভিশনাল পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমদের (বীরবিক্রম) নেতৃত্বে ১২ জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দিনটি উদ্যাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তিনি আরও বলেন, জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সব দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।