বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে প্রাণ গেছে ১৪ জনের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১৬ ২২:০৯:২০

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের ৪ সদস্যসহ ১৪ জনের। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপের যাত্রী। এদিকে, ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। 
ঢাকা থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহ যাচ্ছিল উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস। অপরদিকে ১৫ জন যাত্রী নিয়ে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রাণের টিন আনতে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ফরিদুপর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলায় বাসটির সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলে নিহত হয় পিকআপে থাকা ১১ যাত্রী। আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে নেওয়া হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় আরও দু’জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী।
এদিকে, ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দু’জনের। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের কোদালধর বাজারে সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন ২৫ জন যাত্রী। তবে তারা সবাই আশঙ্কামুক্ত। দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ দ্রুত সরিয়ে নেওয়ায় সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


এ জাতীয় আরো খবর