বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শোলাকিয়ায় স্মরণকালের বৃহত্তম ঈদ জামাত; ছয় লাখের বেশি মুসল্লি

  • মো. ফারুকুজ্জামান,
  • ২০২৪-০৪-১১ ১৮:৪৯:০০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে দেশের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ঈদুল ফিতরের ১৯৭তম জামাত। এতে ছয় লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ঈদের জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. শোয়াইব বিন আব্দুর রউফ। নামাজ শেষে মোনাজাতে বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ বন্ধ, ফিলিস্তিন জনগোষ্ঠীর আত্মমর্যাদা ও তাদের ওপর নির্মম নির্যাতন-গণহত্যা থেকে রাক্ষায় দোয়া করা হয়। একই সঙ্গে বিশ্বশান্তি, মুসলিম সম্প্রদায়ের ঐক্য-ভ্রাতৃত্ব ও দেশের সুখ-সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনা করা হয়। ঈদের জামাত ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। শোলাকিয়া ও আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। সবমিলিয়ে ঈদগাহ মাঠে ছিল চার স্তরের নিরাপত্তার বলয়। ২০১৬ সালে ঈদের দিন সকালে শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশসহ বেশ কয়েকজন হতাহত হয়। এর পর থেকে জামাতে নিরাপত্তা ব্যবস্থাকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। বড় জামাতে অংশ নিলে বেশি সওয়াব পাওয়া যায়- এ বিশ্বাস থেকে সারা দেশ থেকে মুসল্লিরা শোলাকিয়ায় নামাজ আদায় করতে যান। এবারও মুসল্লিদের ঢল নামে মাঠে । জামাতের সময় জনসমুদ্রে রূপ নেয় পুরো ঈদগাহ মাঠসহ পুরো এলাকা। জানা যায়, নিরাপত্তার অংশ হিসেবে ঈদগাহে মাঠে পাঁচ প্লাটুন বিজিবি, ১২ শ পুলিশ সদস্য, বিপুল সংখ্যক র‌্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। তাছাড়া সাদা পোষাকে দায়িত্ব পালন করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিশেষ নিরাপত্তা নিশ্চিতে মাথার ওপর বসানো হয় পুলিশের ড্রোন ক্যামেরা। সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে থাকে ঈদগাহ মাঠ ও পুরো এলাকা। মাঠে বসানো ৬টি ওয়াচ টাওয়ারে দূরবীণ ও স্নাইপার নিয়ে পাহারায় ছিল র‌্যাব ও পুলিশ সদস্যরা। কয়েকবার দেহ তল্লাশির পর মুসল্লিরা মাঠে প্রবেশের সুযোগ পান। শোলাকিয়া মাঠ ও শহরের আশপাশের সব অলিগলিতে বসানো হয় নিরাপত্তা চৌকি। ঈদগাহ এলাকায় মেডিক্যাল টিম ও অগ্নি নির্বাপন দলও মোতায়েন করা হয়। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বিপুল সংখ্যক স্কাউট সদস্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। ঈদগাহমুখী সব রাস্তাঘাট চলে যায় মুসল্লিদের দখলে। কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হয় এসব সড়কে। জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগেই শোলাকিয়া মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠে জায়গা না পেয়ে মুসল্লিদের অনেকে পাশের রাস্তা, তিন পাশের ফাঁকা জায়গা, নদীর পাড় এমনকি বাড়ি-ঘরের ছাদে ওঠে জামাতে অংশ নেন।
ময়মনসিংহ থেকে প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করতে এসেছেন নজরুল ইসলাম (৬০)। সঙ্গে এনেছেন স্কুলপড়ুয়া নাতি অরিফুল ইসলামকেও। তিনি বলেন, আশা ছিল একবারের জন্য হলেও ঈদে শোলাকিয়ায় নামাজ আদায় করবেন। এবার সুযোগ হয়েছে, তাই চলে এলাম। মনের অশা পূরণ হওয়ায় অনেক ভাল লাগছে বলেও তিনি মন্তব্য করেন। 
৭০ বছর বয়সী আব্দুর রউফ ৩০ বছর ধরে শোলাকিয়া ঈদের নামাজ আদায় করতে আসেন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। ২০১৬ সালে জঙ্গি হামলার দিনও মাঠে ছিলেন। শোলাকিয়ায় নামাজ আদায় না করলে শান্তি পান না। তাই বারবার এখানে ছুটে আসেন। যতদিন সামর্থ্যে কুলাবে ততদিন এখানে ঈদের নামাজ আদায় করবেন বলে জানালেন তিনি। 
নামাজ শুরুর আগে মুসল্লিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন। 
রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ফুটিয়ে জামাত শুরুর সঙ্কেত দেওয়া হয়। নামাজ শুরুর ১৫মিনিট আগে তিনটি, ১০মিনিট আগে দুটি ও ৫ মিনিট আগে শটগানের একটি গুলি ফোটানো হয়। জেলা পুলিশ এ আয়োজনটি সম্পন্ন করে।  
শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় দুটি বিশেষ ট্রেন চলাচল করে। একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে আসে এবং সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছায়। অন্যটি 
ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে সাড়ে ৮টায় কিশোরগঞ্জে থামে।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, শোলাকিয়ার ঐতিহ্য ও সুনামের কারণে প্রতিবছর ঈদের জামাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হয়। এবারও ছয় লক্ষাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেছেন বলে অমাদের ধারণা। সব মিলিয়ে সবার সহযোগিতায় উৎসবমুখর আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত শেষ হয়েছে এটিই বড় কথা।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, নিরাপত্তার কড়াকড়ির পরও মুসল্লিরা হাসিমুখে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে। এ কারণে পুরো জামাত শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। 
জামাতের পর ঈদগাহ মাঠ পার্শ্ববর্তী এলাকায় হস্ত, কারু ও নানারকম শিল্পপণ্যের মেলা মুসুল্লিদের বাড়তি আনন্দ দেয়। 
শোলাকিয়ার ঈদগাহের যাত্রা শুরু হয় ১৭৫০ সালে। তবে ১৮২৮ সালে প্রথম আনুমানিক সোয়া লাখ লোক শোলাকিয়ায় নামাজ আদায় করেন বলে জনশ্রুতি রয়েছে। তখন থেকে এই ঈদগাহসহ পুরো এলাকার নামকরণ হয়‘শোলাকিয়া’।

 


এ জাতীয় আরো খবর