বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহত, ট্রাক আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০৬ ০৯:৪৪:০৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সড়কে দাঁড়িয়ে মসজিদের উন্নয়নের জন্য টাকা ওঠানোর সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় ইসা নবী (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক হলেও পালিয়ে গেছে চালক। ইসা শিবগঞ্জের  রসুলপুর সহড়াতলা এলাকার সাবিরুল ইসলাম শহিদের ছেলে ও শিবগঞ্জের জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার(৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ইসা শিবগঞ্জ পৌর গাজার মোড় নামক স্থানে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে সহপাঠীদের সাথে স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য সড়কে চলাচলকারীদের নিকট থেকে টাকা ওঠাচ্ছিল। এসময় সোনামসজিদ বন্দর ছেড়ে আসা বেপারোয়া গতির পাথরবোঝাই একটি ট্রাক  পেছন থেকে ইসাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় ইসার দু’পা পিস্ট হয় ও সে মাথায় জখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নিয়ে যাবার পথে বিকাল সাড়ে ৫টার দিকে সে মারা যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনার পর পুলিশ  শিবগঞ্জের ছত্রাজিতপুর এলাকার একটি ফিলিং ষ্টেশন থেকে চালকের ফেলে যাওয়া ট্রাকটি(নং-ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৬৮) জব্দ করে। চালক পলাতক রয়েছে।এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।  

 


এ জাতীয় আরো খবর