বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বুধবার দুপুরে তাঁরা গণভবনে যান। এসময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের প্রত্যেককে শেখ হাসিনা উপহার দেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আরও সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এবং বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে প্রথমবারের মতো এদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। হয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে দু’দলের সদস্যরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী দলকে অনুপ্রাণিত করেন। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও নিগার সুলতানা জ্যাতি, নাহিদাদের উৎসাহ দেন। তাদের সুযোগ সুবিধার ব্যাপারে খোঁজ নেন প্রধানমন্ত্রী। উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বাংলাদেশ নারী দলকে অস্ট্রেলিয়া পাঠানোর কথাও বলেন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের শুভেচ্ছা উপহার দেন। ঈদের পর বাংলাদেশ নারী দলকে আবারও গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানান। পরে দু’দলের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।