ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, সড়কে পরিবহন খাতে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ‘নিরাপদ সড়ক চাই’- নিসচা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দেশব্যাপী অবদান রাখার জন্য নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করেন।
তিনি শনিবার বিকেলে শহরের একটি রেস্তরায় নিসচা ফেনী জেলা কমিটির পরিচয়পত্র বিতরণ ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাফর উদ্দিন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসেন চৌধুরি মোজাম্মেল, ‘ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী ‘অবজারভার’ ও ‘ডিবিসি নিউজে’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ‘আমার ফেনী’ সম্পাদক জমির উদ্দিন বেগ।
প্রধান অতিথি জেলা কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা সবসময় আমার সহযোগিতা পাবেন। আপনারা নিয়মিত কর্মসূচি চালিয়ে গেলে মানুষ সচেতন হবে এবং সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা অবশ্যই কমে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাফর উদ্দিন যে কোন কর্মসূচি পালনের ক্ষেত্রে নিসচাকে সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, এখন থেকে নিসচা ও স্টার লাইন একযোগে কাজ করবে। পরে দোয়া মুনাজাত করেন মাওলানা মোহাম্মদ ইফসুফ।