কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তবে তাৎক্ষণিক আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।