সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি সতর্ক করে বলেছে, চলতি অর্থবছরে সরকার বড় অংকের রাজস্ব ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। গেলো ছয় মাসের রাজস্ব আদায়ের চলমান ধারা পর্যবেক্ষণে এই অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছে তারা। শনিবার ধানমন্ডিতে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব তথ্য জানান।
সিপিডি জানায়, এমন একটা সময় বাজেট প্রণয়ন হতে যাচ্ছে, যখন সামষ্টিক অর্থনীতি নেতিবাচক ধারায় রয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বাজেট বাস্তবায়নে শ্লথ গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নগামী। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাটাই আগামী অর্থবছরের বাজেটের মূল উদ্দেশ্য হবে বলে মনে করছে সিপিডি।