চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি গৃহবধু নিহত
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৩-১৬ ১৮:০৬:৪২
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ভাগিনার সাথে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়ি ফেরার পথে ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে সাইরিন আক্তার রিপা(২৮) নামে এক গৃহবধু নিহত হয়েছে। পরিবার ও পুলিশ জানায়,গত শুক্রবার(১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিবগঞ্জ পৌর জালমাছমারি সহড়াতলা মোড়ের নিকট সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সড়কে ছিটকে পড়ে মাথায় জখমপ্রাপ্ত রিপাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় আহত হন রিপার ভাগিনা ও মোটরসাইকেল চালক মো.শফিউল্লাহ(২৭)। তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনার পরপরই চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়। রিপা শিবগঞ্জের কানসাট বিশ^নাথপুর মেঘুবাজার গ্রামের মো.সুজনের স্ত্রী ও কানসাট বাগদূর্গাপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহীতে পরীক্ষা শেষে ভাগিনার সাথে একই মোটরসাইকেলে বাড়ি ফেরার জন্য রওনা হন রিপা। পথে বিপরীতে কানসাটের দিক থেকে আসা ভুটভুটির সার্থে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি প্রাণ হারান। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মরদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।