শনিবার, অক্টোবর ৩, ২০২৬

রমজানে দশ টাকা লিটারে দুধ বিক্রি করে ভোক্তা সম্মাননা পেলেন এরশাদ

  • ফারুকুজ্জামান
  • ২০২৪-০৩-১৫ ২১:০৪:৫৪

কিশোরগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দুধ বিক্রি করায় ভোক্তার সম্মাননা পেলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. এরশাদ উদ্দিন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’- দেওয়া হয়।
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এরশাদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।
গত চার বছর ধরে প্রতি রমজানে সেবামূলক কাজটি করছেন তিনি।
সেটা হলো রোজাদারদের কাছে দশ টাকা লিটারে দুধ বিক্রি। ক্রেতার চাহিদার কথা চিন্তা করে এবার উদ্যোগটা তিনি বড় করেছেন।
গত বছর দুই টন পরিমাণ দুধ বিক্রি করলেও এ রমজানে ২৫০ লিটার দুধ বেশি বিক্রি করবেন। সে অনুযায়ী রোজার প্রথম দিন থেকে প্রতিদিন ৭৫ জনের কাছে এক লিটার করে  দুধ বিক্রি শুরু করেছেন তিনি। 
এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে।
 

 


এ জাতীয় আরো খবর