গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে শবেবরাতের রাতে সড়ক দুর্ঘটনায় ২জন মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর এলাকার দাড়িপাতন দারুল উলূম মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর নওয়া পাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র বায়েজিদ আহমদ (২৬), পৌর এলাকার ঘোগারকুল মাঝপাড়া গ্রামের কুটাই মিয়ার পুত্র এনাম আহমদ (৪০)।
স্থানীয়রা জানান, রোববার সাড়ে ৭টার দিকে বায়োজিত আহমদ ও তার মামা এনাম আহমদ মোটরবাইক যোগে টিকড়পাড়া থেকে আসার পথে গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন নামক স্থানে আসামাত্র পেছন থেকে এসে আরেকটি মোটরবাইক ধাক্কা দেয়। এসময় তারা মোটরবাইক নিয়ে পড়ে গেলে সিলেট থেকে আসা একটি বাস চাপা দেয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এনাম আহমদের অবস্থা বেশি আশংকাজনক বলে জানা যায়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আহতের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদের চাচাতো ভাই এমরান আহমদ বলেন, বায়েজিদের অবস্থা কিছুটা ভালো হলেও তার মামা এনাম আহমদের অবস্থা আশংকাজনক। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই।