শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

লি য় ন আ জা দ

  • শহুরে কিশোর
  • ২০২৪-০২-২৫ ২১:১৩:১৮

পিঠ উঁচিয়ে শহর দাঁড়ায় মেঘ থাকে ঠিক নুয়ে,
ঘুম আসে না ঘুম আসে না চোখের পাতা ছুঁয়ে।
তিনশ' ফিটের দীর্ঘ বুকে যাচ্ছে দুপুর হেঁটে,
লালচে মরিচ কে দিয়েছে আকাশপাড়ে বেটে?

তুলোর মতো উড়ছে ধুলো বাড়ছে মনে ক্ষয়,
বুকটা পিষে যাচ্ছে গাড়ি কোথায় হিমালয়?
জট ছাড়িয়ে ছুটছে মানুষ দলে কিংবা একা,
সমস্ত বিষ করছে হজম হারিয়ে সীমারেখা।

অট্টালিকার ফাঁকে ফাঁকে পোষা পাখির ঘুম,
হাতিরঝিলে সিজদাতে গাছ শান্ত সে নিজঝুম।
সন্ধ্যা যখন গড়িয়ে পড়ে বুড়িগঙ্গার কোলে,
ছলাৎ ছলাৎ ঢেউয়ের শরীর উল্লাসে হাত তোলে।

চাঁদটা যখন উপুড় হয়ে ঝিলিক মারে চোখে—
স্বপ্ন আঁকা কিশোরটাকে কে আর বলো রোখে!
হালকা মেঘের ঘোমটা টানে আকাশরানি চাঁদ,
শান্ত কিশোর তুলছে কী শোর তার কী যে আহ্লাদ!

মনের গহীন মণিকোঠায় স্বপ্নেরা হাত বাড়ায়,
ফ্লাইওভারে পিলার যেমন বুক চিতিয়ে দাঁড়ায়।
পাই জীবনে উৎসাহ আর মেট্রোরেলের গতি,
মন হয়ে যায় রঙিন ডানার মুগ্ধ প্রজাপতি।

রঙিন জীবন রঙের জগত এলিভেটেড ওয়ে,
স্বপ্ন নিয়ে ছুটছে জীবন দুরন্ত নির্ভয়ে।
সেই জীবনের গতিপথে স্বপ্ন যখন ছোটে—
কিশোর-মনেও সম্ভাবনার গোলাপ ফুটে ওঠে।


এ জাতীয় আরো খবর