না --- আর দেরি নয় চাকরিটা কয়েক বছর হয়ে গেল
এবার বিয়েটা সেরে নিতে হবে।
তোপাকে আজই জানিয়ে দেবো ---
আর তোমাকে অপেক্ষা করতে হবে না।
ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত এসে গেছে
মনটাকে যতই আনন্দে ভরিয়ে দিতে চাইছি
কেন যেন বিষণ্ণতা চেপে ধরছে
কিছুই ভালো লাগছে না ----
তোপার চিন্তা কেমন যেন বিভ্রান্ত করে তুলছে আমাকে।
কদিন হলো ওর ফোনও পাইনা কল দিলেও ধরে না
ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠলো
মায়ের ফোন, মা এটা-ওটা খবর নেয়
তারপর তোপার কথা ওঠাতেই আমি বলি ---
মা ওকে বলো ! এবার যেয়েই আমি ওকে ঘরে তুলবো।
তোমার লক্ষ্মী ছেলের মতো কথা রাখবো।
হঠাৎ মা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে
----- তার আর দরকার নেই।
মা ! বিস্মিত হয়ে বলি, ওতো তোমারই পছন্দের মেয়ে,
মা বললেন ---- ছিলো এখন আর নেই।
কেন মা তোপা কি এমন করেছে ?
তুই বাড়ি এলে সব জানতে পারবি,
না --- মা আমার খুব অস্বস্তি লাগছে তুমি এখনই বলো।
তবে শোন গত চার পাঁচ দিন আগে
ওকে কে বা কারা তুলে নিয়ে যায় বাড়ি থেকে
তারপর ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখে
এখন সে হাসপাতালে ।
এমন ধর্ষিতা মেয়েকে আমি ঘরের বৌ করে আনবো তাই কখনো হয় ?
রিপন চমকে ওঠে।
তারপর একটু ভেবে বলে --- এতে ওর কী দোষ মা ?
ওতো দোষ করেনি, শাস্তি হওয়ার দরকার সেই কুলাঙ্গারদের।
যারা নিষ্পাপ মেয়েের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে।
মা বলে -- পুলিশ ওদের খুঁজছে।
তবে বাবা ! এ মেয়ের সাথে বিয়ে হবে না আমি বলে দিয়েছি ওর বাবাকে।
মা ! তুমি কাজটা ভালো করোনি
তোপা জানলে ও জীবন রাখবে না,
মা ! তুমি একজন আদর্শ মা হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারো না।
দেখো মা ! ও যদি আজ তোমার মেয়ের হত তুমি কী তাকে ফেলে দিতেন?
রাহেলা বেগম ফোন কেটে দেয়।
রাতে বিছানায় ছটফট করতে থাকে একটি ভোরের আশায়,
রাত যেন আর শেষ হতে চায় না।
ভোরের আজান পড়তে না পড়তে বিছানা ছেড়ে
উঠে নামাজ পড়ে তসবি হাতে হাঁটতে বের হয়।
মাথার ভেতর ছেলের কথাটা ঘুরপাক খেতে থাকে --
তাইতো আমার মেয়ে হলে কী করতাম !
হাঁটতে হাঁটতে চোখে পড়ে বটগাছটার কাছে একটি ছায়া,
যেন তাকে দেখে আড়াল হতে চায়।
রাহেলা বেগম দ্রুত পা চালিয়ে পৌঁছে যায় -- কে, কে ওখানে ?
ছায়াটা দাঁড়িয়ে পড়ে।
রাহেলা বেগম হাত থেকে রশিটা কেড়ে নিয়েমবলে--
ছি ছি এমন কাজ করতে নেই
তুমি জানো না ? আত্মহত্যা মহাপাপ।
দু'হাতে মুখ ঢেকে তোপা কেঁদে উঠে বলে -- এ মুখ আমি কী করে দেখাবো ?
রাহেলা বেগম বলে --- কেন আমার ছেলের বৌ হয়ে।
তোপার কান্না থামতে চায় না,
সবার অজান্তে রাহেলা বেগম তোপাকে ঘরে এনে তোলে।
সকালের আলোয় চারিদিকে ছড়িয়ে পড়ে --
তোপা রাতের আঁধারে পালিয়ে গেছে ।
রাহেলা বেগম তোপার বাবাকে ডেকে পাঠায় দিনক্ষণ ঠিক করতে।
ছেলের জন্য দোয়া করে আনন্দে মনটা ভরে ওঠে
সে ছেলেকে মানুষেের মানুষ বানাতে পেরেছে।