চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের কয়েদি আবুল কালাম আজাদ (২৯) জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৯ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব করলে আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। আজাদ জেলার ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের মো: সাহাবুদ্দিনের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে সূত্রগুলি আরও জানায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আজাদের মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের সুপারিনটেন্ডেন্ট শরিফুল ইসলাম বলেন,গত ২১ জানুয়ারী আজাদকে কারাগারে আনা হয়। ভোলাহাটের ইউএনও (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) পরিচালিত ভ্রাম্যমান আদালতে আজাদের বিরুদ্ধে একটি মাদক সংক্রান্ত মামলায় এক মাসের দন্ডাদেশ ছিল। শুক্রবার সকালে কারাগারের ভেতরে হাঁটার সময় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সাথে সাথে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ আজাদের স্ত্রী ও পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।
অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) দারেশ আলী বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে আজাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।