কৃষি বিভাগের উদ্যোগে নরসিংদীতে পরীক্ষামূলক কফি চাষ করে সাফল্য পেয়েছে কৃষক।কফির ভালো ফলন পেয়ে তারা খুশি। কফি চাষাবাদে আগ্রহ বাড়ছে স্থানীয়দের।
নরসিংদীর সমতল ভূমিতে চাষ হচ্ছে কফি। বেলাব উপজেলার নিলক্ষীয়া গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা ২০২১ সালে কৃষি বিভাগের সহায়তায় এক বিঘা জমিতে ১৪০টি কফির চারা রোপন করেন। প্রথম বছরে ফলন তেমন না হলেও দ্বিতীয় বছরে ভালো ফলন হওয়ায় কৃষকের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
কফি বাগান দেখতে নরসিংদী জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষও ভিড় করছেন। অনেকে আগ্রহ প্রকাশ করছেন কফি চাষ করতে।
এদিকে, কফির বিন সংগ্রহ এবং বাজারজাতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আজিজুর রহমান।
দেশে কফির চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।