গত বছরের এশিয়া কাপ নিয়ে গত সপ্তাহে বালিতে এসিসির কাউন্সিল মিটিংএ আলোচনা হয়েছে।গত এশিয়া কাপে কোনোভাবেই পাকিস্তান যেতে রাজি হয়নি ভারত। এ কারণে আয়োজক হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে হয়েছে পাকিস্তানকে।
সেখানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানে চারটি ম্যাচ আয়োজনের জন্য হওয়া বাড়তি খরচ বহন করবে না তারা, কারণ এশিয়া কাপ থেকে তারা কোনো বাড়তি আয় করেনি এবং তারা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের আয়োজক নয়।
বাংলাদেশ ও নেপালের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলেছিল পাকিস্তান। এছাড়া বাংলাদেশ-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচও হয়েছিল পাকিস্তানে। এর মধ্যে নেপালের বিপক্ষে ম্যাচটি মূল ভেন্যু লাহোর থেকে মুলতানে সরানো হয় তৎকালীন বোর্ড প্রধান জাকা আশরাফের ব্যক্তিগত ইচ্ছায়। যা খরচ অনেক বাড়িয়ে দিয়েছিল।
এদিকে তাদের মাটি থেকে এভাবে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল পিসিবি। কিন্তু এসিসির পুনর্নির্বাচিত প্রধান জয় শাহ বলেছেন, এসিসি শ্রীলঙ্কাতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান জোর করে নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করেছে। ফলে বাড়তি খরচের দায় দেশটির।
ওদিকে শ্রীলঙ্কার দাবি, পাকিস্তানই আনুষ্ঠানিক আয়োজক। শ্রীলঙ্কা শুধু টুর্নামেন্ট আয়োজন নিশ্চিত করতে নিজেদের ভেন্যু ব্যবহার করতে দিয়েছে। সুতরাং ভেন্যুর ভাড়া হিসেবে পিসিবির কাছে অর্থ প্রাপ্য তাদের। শ্রীলঙ্কা বোর্ড প্রধান শামি সিলভা পিসিবি এখনো হোটেল ভাড়া ও বিমান ভাড়ার খরচ না দেওয়ায় উদ্বেগের কথা জানিয়েছেন। জয় শাহ তাকে সরাসরি পিসিবির সঙ্গে ঝামেলা মেটাতে বলেছেন। পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে নাসির বলেছেন, যাচাইবাছাই করে হোটেল ভাড়ার বিল দিয়ে দেবেন তারা।
কিন্তু প্রাইভেট বিমান ভাড়ার ব্যাপারে ঝামেলাটা রয়েই গেছে। শ্রীলঙ্কা বোর্ডের অনুমতি না থাকা ক্লাসিক ট্রাভেলসের মাধ্যমে বিমান ভাড়া নিয়েছিল পিসিবি। এখনো পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৭০০ ডলার দিয়েছে এবং ভেন্যু ভাড়া হিসেবে এসএলসিকে ২০ লাখ ৬৯ হাজার ৮৮৫ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু পিসিবি দাবি করেছে আয়োজক হিসেবে টুর্নামেন্টের অভিভাবক সংস্থা এসিসির কাছে তারা ২৫ লাখ ডলার পায়।