মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির যোদ্ধাদের তীব্র লড়াই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩১ ০৯:১৯:৫৯

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। রোববার রাখাইনের মিনবিয়া শহরে সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের সদর দপ্তর দখলে নেয়ার দাবি জানিয়েছে আরাকান আর্মি।
এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ‘মিয়ানমার সৈন্যরা আর আমাদের সাথে লড়াই করতে পারছেন না। তারা এখন আরও বেশি গোলাবর্ষণ এবং বিমান হামলা করছেন। ঐতিহাসিক ম্রাউক ইউ শহরে মিয়ানমারের সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটালিয়ন এবং পুলিশের ৩১ ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হয়েছে।’ লড়াই হচ্ছে শহরটির ম্রাউক ইউ, কিইউকতাও ও রাথেডং এলাকাতেও। 
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের রামরিতে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ত্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। শহরটি ধ্বংস করার জন্য এক সপ্তাহ ধরে মিয়ানমার সেনারা কামান ও বিমান হামলা চালাচ্ছে বলেও দাবি তাদের। 
এক বিবৃতিতে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে রামরির আবাসিক এলাকাগুলোতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাচ্ছে সামরিক জান্তা এবং সেখানে তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে।’
বিবৃতিতে তারা বলেছে, ‘শহরটি ধ্বংস করার জন্য এক সপ্তাহ ধরে কামান ও বিমান হামলা চালাচ্ছে জান্তা। সেখানে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের কোনো স্থল লড়াই হচ্ছে না। সামরিক বাহিনী যুদ্ধবিমান ব্যবহার করে রাসায়নিক হামলা চালিয়েছে।’
এদিকে, মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীদের গুলিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের থিনগান নাইনাং শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে, জান্তা সেনাবাহিনীর হেলিকপ্টারটি সোমবার বিকেলে মিয়াওয়াদ্দি শহরের সীমান্ত লাগোয়া থিঙ্গান নাইনাংয়ে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের হামলার মুখে পড়ে।


এ জাতীয় আরো খবর