বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চৌগাছায় তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-০১-২৯ ২০:২২:০৭

যশোরের চৌগাছায় তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ১২টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, চৌগাছা উপজেলায় যে একটি গুড় মেলা হয় এবং সেখানে খেজুর রসের খাটি ও বিশুদ্ধ গুড় পাওয়া যায় এটি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোকই জানেন। সারাদেশে সুখ্যাতি লাভ করবে চৌগাছার এই গুড়। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তরে চৌগাছার নাম ছড়িয়ে যাবে- ছড়িয়ে যাবে এই যশোরের নাম। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলার মাধ্যমে দেশের লোক আরও জানবে এই চৌগাছার খেজুর গুড় মেলার সম্পর্কে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, খেজুর রসের গবেষক সৈয়দ নকিব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল ও চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। মেলায় উপজেলার গুড় ব্যবসায়ী, খেজুর গাছি, বিভিন্ন কলেজ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও স্কাউটসের সদস্যরা মোট ১৩টি স্টল বসিয়েছেন। ঘুরে ঘুরে এসব স্টলে খাটি খেজুর রসের বিভিন্ন আইটেম দেখা গেছে। গুড়, পাটালিসহ কেউ কেউ গ্রাম-গঞ্জের হারিয়ে যাওয়া সেই পিঠা-পুলিও বানিয়ে রেখেছেন।
মেলায় বিক্রি করতে আসা গুড়ের দাম পেয়ে খুশি উপজেলার খেজুর গাছিরা। তারা বলেন, “এবার ৪শত টাকা করে বিক্রি করতে পারছি গুড়। আমাদের চাহিদা অনুযায়ী সবাই মূল্য দিতে পারছে বলে রস সংগ্রহ করে গুড় তৈরীতে আমরা আরও অনুপ্রানিত হচ্ছি।” মেলায় উপজেলার স্কাউটস সদস্যদের খেজুর গুড় ও পাটালি তৈরি পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারসহ উপস্থিত অতিথিবৃন্দ। এসময় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান-মেম্বর, খেজুর গাছি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর