মিথ্যা ও অর্ধসত্য তথ্য প্রচারকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-২৫ ২০:৫০:৪৫
- Print
সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতাদের সাথে বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মিথ্যা ও অর্ধসত্য তথ্য বিপজ্জনক। এ ধরনের অপতথ্য প্রচারকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। টেলিভিশন চ্যানেলগুলোকে পে-চ্যানেল করা এবং কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করার দাবি জানান, অ্যাটকো নেতারা।
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে কমিটির নেতারা প্রথমে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের শুরুতে অ্যাটকোর নেতারা টেলিভিশন শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় অ্যাটকো সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজ প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, কেবল নেটওয়ার্ক ডিজিটাল না করা এবং অনলাইন পোর্টালে টেলিভিশনের মত নিউজ ও অনুষ্ঠান প্রচারের কারণে সরকার ও এই শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিআরপি নিয়েও কথা বলেন তারা।
পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, গুজব ও ভুল তথ্য মুক্ত অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। সমালোচনা হোক সত্য তথ্যের ওপর। মিথ্যা ও অর্ধসত্য ভিত্তিক অপপ্রচার বন্ধ ও তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
অসম্পূর্ন তথ্য নিয়ে প্রতিযোগিতা নয়, পূর্ণাঙ্গ তথ্য নিয়ে সুষ্ঠু, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।