অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শেষ রক্ষা হয়নি ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের।পরে গোল হজম করল আরও দুটি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিদায় করে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠে গেল আতলেতিকো মাদ্রিদ।
গত সপ্তাহেই আরেক মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছিল রিয়াল। বৃহস্পতিবার মাদ্রিদের মাত্রিপলিতানো স্টেডিয়ামে আতলেতিকো যেন তারই প্রতিশোধ নিল ৪-২ গোলে রিয়ালকে হারিয়ে। কোপা দেল রের শিরোপাধারীদের পথচলা থেমে গেল শেষ ষোলোতেই।
বলের দখল কম থাকলেও আক্রমণে আধিপত্য দেখায় আতলেকিতো। ৩৯তম মিনিটে সামুয়েল দিয়াসের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক জান ওকলাকের আত্মঘাতি গোলে সমতায় ফেরে রিয়াল।
৫৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো মোরাতা। জয়ের পথেই ছিল দিয়েগো সিমিওনের দল। কিন্তু হাল না ছাড়া রিয়াল ৮২তম মিনিটে সমতায় ফেরে জোসেলুর গোলে। নির্ধারিত সময় শেষ হয় ২-২ সমতায়।
অতিরিক্ত সময়ের ২০তম মিনিটে ব্যবধান গড়ে দেন ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান। ৯ মিনিট পর ব্যবধান আরও স্পষ্ট করেন রদ্রিগো রিকুয়েলমে। হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই হারে ছেদ পড়ল তাদের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রায়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, সেটাও গত সেপ্টেম্বরে লা লিগায় আতলেতিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল।