বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৯ ১৬:১৭:২০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে। ইমরুল কায়েসের ৬৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৩ রান করে কুমিল্লা।   কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তৌহিদ হৃদয়। ৪১ বলে ৪৭ রান করেন তিনি। 
অন্যদিকে দুর্দান্ত ঢাকার হয়ে শেষ ওভারে হ্যাট্রিক করেন শরিফুল ইসলাম। শরীফুল ইসলামের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে পাকিস্তানের খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় খরুচেই। কারণ, ১৯ ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল ৩ উইকেট ১৩১। ওভার প্রতি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়রা ৭ রান করেও তুলতে পারেননি।
ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা হজম করা শরীফুল শেষ ৩ বলে নিলেন ৩ উইকেট। ইনিংসের শেষ তিন বলে একে একে ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম। স্পেলের শেষ তিন বলে ৩ উইকেট নেওয়া শরীফুল আজ ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আগে ব্যাট করে কুমিল্লা রান তুলেছে ৬ উইকেট ১৪৩। 
চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে আজ হ্যাটট্রিক করেছেন শরীফুল। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে হ্যাটট্রিক এসেছিল তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হাত ধরে।


এ জাতীয় আরো খবর