বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৌরেন বিশ্বাস আর নেই

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০১-১০ ১৮:৪৮:১৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি, চবি নজরুল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক, প্রথিতযশা-শিক্ষক পণ্ডিত-বুদ্ধিজীবী অধ্যাপক ড. সৌরেন্দ্রনাথ বিশ্বাস (সৌরেন বিশ্বাস) স্যার আর নেই (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্চতু)। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে খুলনার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সহধর্মিণী, শিক্ষক মঞ্জু হাসি দত্ত ও একমাত্র সন্তান খ্যাতিমান মডেল ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, আত্মীয়স্বজন, অগণিত শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক, চবি সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ড. সৌরেন বিশ্বাস ১৯৫০ সালের ১২ নভেম্বর খুলনার তেরখাদায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৮১ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। ২০১৭ সালের ১ জুলাই তিনি বর্ণাঢ্য কর্মজীবন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ হতে অবসর গ্রহণ করেন। এদিকে, বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সৌরেন বিশ্বাসের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরো খবর