মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কড়াইলে আলামিন হত্যার আসামিরা আবার বেপরোয়া

  • বনানী (ঢাকা) প্রতিনিধি
  • ২০২৩-১২-১৮ ২২:১৯:৩৮

রাজধানীর কড়াইল বস্তিতে আলামিন হত্যার আসামিরা জেল থেকে জামিনে বেরিয়ে আবার বেপরোয়া হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারকে লক্ষ্যে তারা আবার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আলামিন হত্যার প্রধান আসামি নুরু বাহিনীর সদস্যরা প্রতিদিন চালিয়ে যাচ্ছে অস্ত্রের মহড়া। 
সম্প্রতি চাঁদা না দেওয়ার কারণে নুরু বাহিনীর  তানভির, তুহিন, সাব্বির, আজিজুল, কবির, আমজাদ, খাজা ও মোহাম্মদ আলী গং জামাই বাজার এলাকায় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এই লুটপাট ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, এদের এখনি না থামালে আবার কড়াইলে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটতে পারে।
অনুসন্ধানে জানা যায়, ক্ষমতাশীন দল আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে ভাঙ্গারি ব্যবসার অন্তরালে কড়াইল বস্তিতে অবৈধভাবে সরকারি গ্যাস, বিদ্যুৎ, পানি চুরি সহ মাদক ব্যবসা, জুয়ার বোর্ড নিয়ন্ত্রণ করছে নুরু বাহিনী। এছাড়া অবৈধ টাকায় কিছুদিন পরপর করছেন বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবন-যাপন। 
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ আগষ্ট ২০২২ এশার নামাজের সময় কড়াইল বস্তির নূরানী মসজিদের ভেতরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা আলামিনকে। আলামিন হত্যার ঘটনায় বনানী থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন আলামিনের মেজো ভাই মো. জুয়েল সরকার। মামলার আসামিরা হলেন- মো. নুর আলম নুরু (৩৮), মোহাম্মদ আলী (৫৫), মো. খাজা (৪৫), মো. আমজাদ (৩০), মো. রাসেল (৩৫), মো. মাহাবুর আলম (২১), মো. কবির (৩৮), মো. মাসুদ রানা (১৯), মো. আলী হোসেন (২৭), মো. আজিজুল (৩২), মো. সেন্টু মৃধা (৫০), মো. শফিকুল ইসলাম রাজু (৪০), মো. মাহবুব আলম (৩৫), মো. তানভীর (২০), মো. মামুন (২০), মো. সাব্বির (১৯), মো. মেহেদী (১৯), মো. ইলিয়াস আহমেদ (২২), মো. শহিদুল (৩৫), স্বাধীন (১৯), মো. নাজির (৪০) ও কাউসার (৫৫)। এছাড়া অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়।
জানা গেছে, আলামিন হত্যার সব আসামিরা বর্তমানে জামিনে আছেন। জামিনে জেল থেকে বেরিয়ে তারা আলামিনের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। 

 


এ জাতীয় আরো খবর