গোপালগঞ্জে গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যার চেষ্টা
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৬-০২ ০৪:৪০:৩৯
- Print
গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সন্তোষ বিশ্বাস (৫২) নামে এক গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগে শংকর পাটারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুন) রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রঘুনাথপুর গ্রামের স্বপন পাটারীর ছেলে শংকর প্রতিবেশী সন্তোষ বিশ্বাসের গাছের আম পাড়েন। সন্তোষ এ ঘটনাকে কেন্দ্র করে শংকরকে গালিগালাজ করেন।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে শংকর ওই গ্রাম্য চিকিৎসকের বাড়িতে গিয়ে ওষুধ নেওয়ার কথা বলে তাকে দজরা খুলতে বলেন। ওষুধের কথা শুনে দরজা খুলতেই শংকর ধারালো ছুরি দিয়ে তার গলায় কোপ দিয়ে পালিয়ে যান।
এসময় তার চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে সন্তোষকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শংকরকে গ্রেফতার করেছে পুলিশ।এ ব্যাপারে মামলা করা হচ্ছে।