চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শাওন আহমেদ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা সরকারি কবর স্থান মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। শাওন চৌগাছা এবিসিডি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামের মাসুদ আহমেদের ছেলে।
নিহতের ভাই মাউন আহমেদ চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার সকালে শাওন তার খালাত ভাইকে যশোরে রেখে আসতে যায়। এ দিন সন্ধ্যায় তিনি মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা সরকারি কবর স্থান মোড় নামক স্থানে পৌঁছালে সামনের একটি বিচেলি (ধানের নাড়া) গাড়ি অভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিএম সামসুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।