পেঁয়াজের অতিরিক্ত দাম নেওয়ায় ফটিকছড়িতে ব্যবসায়ীকে জরিমানা
- হাসান মেহেদী :
-
২০২৩-১২-১০ ১৮:৪৪:৫৩
- Print
চট্টগ্রামের ফটিকছড়ির কয়েকটি বাজারে পেঁয়াজের অতিরিক্ত দাম নেওয়ায় ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকজন ব্যবসায়ীকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিবিরহাট ও নাজিরহাটের কয়েকজন ব্যবসায়ীকে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে বাজার ব্যবসায়ী ও ফটিকছড়ি থানা পুলিশ
সহযোগিতা করে।
জানা যায়, কয়েকদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন বাজারে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির ঘটনা ঘটে। ক্রেতাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ফটিকছড়ির বিবিরহাট ও নাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানের মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে । ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।