ফটিকছড়িতে দুই ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২
- হাসান মেহেদী :
-
২০২৩-১২-০৫ ১৪:৪৮:৪৩
- Print
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুইটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. মোসলেম উদ্দিনের পুত্র মো. রুবেল (২৬) ও আবদুর রশিদের পুত্র মো. আলমগীর (২৮)। এ সময় মো. নূর মিয়া (৩০) নামে একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাটের নতুন রাস্তার মাথা নামক স্থানে দুটি ডাম্পট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ডাম্পট্রাক চালক ভুজপুর থানার ঝিলতলী গ্রামের মো. মোসলেম উদ্দিনের পুত্র মো. রুবেল (২৬) এবং তার সহকারী ও একই গ্রামের আবদুর রশিদের পুত্র মো. আলমগীর (২৮) ঘটনাস্থলে নিহত হন।গুরুতর আহত হন অন্য ট্রাকের চালক মো. নূর মিয়া।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ জানান, ভোররাত রাত ৩টার দিকে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় একটি খাগড়াছড়িমুখী ও অন্য একটি চট্টগ্রাম শহরমুখী ডাম্পট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খাগড়াছড়িমুখী ডাম্পট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হন। আহত চালককে উদ্ধার করে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।