যশোরের চৌগাছায় ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯নভেম্বর) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।কামাল খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে।
কামালের বড় ভাই আব্দুল কাদের জানান, ওই দিন দুপুরে গরুর গাড়ি নিয়ে নিজেদের ক্ষেত থেকে ধান বাড়িতে আনছিলেন। প্রথম বার ধান বাড়িতে নামিয়ে দু’জন মিলে আবার ধান আনতে ক্ষেতে যায়। ধান বোঝাই করে আনার সময় অসাবধানতায় তিনি (কামাল) গাড়ির ওপর থেকে পড়ে যান। এ সময় গরুর গাড়ির একটি চাকা তার বুকের ওপর দিয়ে গেলে কামাল পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে পাঠায়। যশোরে নেয়ার পথে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।