আজ বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় রূপ নিয়ে এর নাম হবে ‘মিধিলি’।
বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওবিদ বজলূর রশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে মোংলা দিয়ে প্রবেশ করবে। তাই ঢাকাসহ সারাদেশে আগামীকাল কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানলে এর বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৬০ থেকে ৮৮ কিলোমিটার হবে বলে জানান তিনি। উপকূলে আঘাত হানলে বাতাসের গতিবেগ এর থেকে কমও হতে পারে।
বর্তমানে গভীর নিুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ কারণে দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারসহ অন্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।