মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের শেষ চারে পা রাখল দক্ষিণ আফ্রিকা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১১ ১০:২৮:২৩

বিশ্বকাপের শেষ চারে পা রাখল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়ে দাপটের সঙ্গেই বিদায় নিল আফগানিস্তান।
আফগানদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার বাভুমা ও ডি কক। প্রথম দশ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান তোলে প্রোটিয়ারা। নাভিন-উল-হক, মুজিব, নবী, ওমরজাইরা তেমন সুবিধাই করতে পারেনি প্রোটিয়া দুই ওপেনারের কাছে।
তবে ওপেনিং জুটিকে বেশিদূর আগাতে দেয়নি আফগানরা। ১১তম ওভারের শেষ বলেই আঘাত হানেন মুজিব। ২৮ বলে ২৩ রান করা বাভুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই রিস্ট স্পিনার।
বাভুমার বিদায়ের পর ডি ককও বেশিক্ষণ স্থায়ী হননি। ১৩তম ওভারের প্রথম বলেই নবীর করা বল ডি ককের পায়ে লাগলে আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। তবে আফগানিস্তান রিভিউ নিয়ে ডি কককে লেগবিফোরের ফাঁদে ফেলে। ৪৭ বলে ৪১ রান করে ডি ককের বিদায়ে কিছুটা বিপদে পড়ে প্রোটিয়ারা।
এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন ভ্যান ডার ডুসেন ও মারকরাম। এই দুই ব্যাটার ৬০ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেন।
দলের রান যখন দুই উইকেটে ১১৬ তখন এই জুটি ভাঙেন রশিদ খান। ২৫ রান করা মার্করামকে বিদায় করেন এই লেগ স্পিনার। এরপর ক্লাসেন নেমেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। তিনি মাত্র ১০ রান করে রশিদ খানের বলে বোল্ড হন।
১৩৯ রানে চার উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে প্রোটিয়ারা। এক প্রান্ত তখনও আগলে রেখে নিজের ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নেন ডুসেন। ডেভিড মিলারের সঙ্গে তার ৪৩ রানের জুটিটি ভাঙেন মোহাম্মদ নবী। ২৪ রান করা মিলারের বিদায়ে আবারো জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। 
এরপর অলরাউন্ডার ফেলুকায়ো ও ডুসেন চেষ্টা করেন প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দিতে। ফেলুকায়োর ৩৭ বলে ৩৯ রানের ক্যামিওতে শেষের দিকে আর আফগান বোলাররা পাত্তা পায়নি। ডুসেন অপরাজিত থাকেন ৭৬ রানে।
আফগানদের হয়ে রশিদ খান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট পান।
এর আগে আহমেদাবাদে ওমরজাইয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। শেষ বলে অলআউট হওয়ার আগে তুলেছে ২৪৪ রান।

 


এ জাতীয় আরো খবর