রাজধানীতে খুব বেশি প্রভাব পড়েনি বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধে। যানবাহন চলাচলও স্বাভাবিক। তবে গতরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও বগুড়ায় যানবাহনে আগুন দেয় ও ভাঙচুর করে অবরোধকারীরা। মহাসড়কগুলোতে বেড়েছে যান চলাচল। রাজধানীসহ সারা দেশে বাড়তি সতর্কতা ও টহলে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ।
বিএনপি ও তাদের সমমানা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা অবরোধেও বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের তথ্যমতে, রোববার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত সারাদেশে ১৮টি গাড়ীতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীর। এরমধ্যে ঢাকাতেই ১০টি গাড়ীতে আগুন দেয়া হয়েছে গতরাতে।
তবে সোমবার সকাল থেকে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক। সব ধরণের গণপরিবহনই চলছে। তবে আন্তজেলা বাস টার্মিনালগুলোতে যাত্রী কম।
চট্টগ্রামের আনোয়ারাসহ বৃহত্তর চট্টগ্রামের কয়েক জায়গায় গাড়ীতে আগুন দিয়েছে বিএনপি জোটের কর্মীরা। তবে নগরীতে যান চলাচল স্বাভাবিক।
সিলেটে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ কম।
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর বাসস্টেশন থেকে ছেড়ে আসা বাসটি সফিপুর এলাকাঢ পৌঁছালে চার-পাঁচজন যুবক উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে যাত্রীরা নেমে যাওয়ায় হতাহত হয়নি। এছাড়া গেলো রাতে গাজীপুর শহরের শিববাড়ি শিমুলতলী রোডে একটি বাসে আগুন দেয় বিএনপি জোটের কর্মীরা।
নারায়ণগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে যুবদলের নেতাকর্মীরা।
মুন্সিগঞ্জে গেল রাতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
নাশকতার অভিযোগে নোয়াখালীতে বিএনপি নেতা ও ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।