নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ক্রিকেট বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ধর্মশালায় আগে ব্যাটিং করে ৩৮৮ রান তুলেছিল অজিরা। জবাবে ৩৮৩ রানে থামে ব্লাক ক্যাপসদের ইনিংস। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারে নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত শুরু এনে দেন দলের অভিজ্ঞ ওপেনার ব্যাট্সম্যান ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। ট্র্যাভিস হেডের ৬৭ বলে ম্যাচ সেরা ১০৯ রানের ঝড়ো ইনিংস আর ওয়ার্নারের ৬৫ বলে ৮১ রানের ইনিংসে ২৫ ওভারেই ২০০ রান তোলে অজিরা। মাঝে রানের চাকা থেমে গেলেও শেষদিকে ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স আর জস ইংলিসের ব্যাটে ৩৮৮ রানে সব উইকেট হারায় অজিরা। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন স্পিনার মিচেল স্যান্টনার ও পেসার ট্রেন্ট বোল্ট।
জয়ের জন্যে ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাচিন রাভিন্দ্রার সেঞ্চুরিতে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিউজিল্যান্ড। জিমি নিশাম ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেললেও জেতাতে পারেননি দলকে। শেষ ওভারে ১৯ রানের দরকার ছিল। তবে নিউজিল্যান্ড ১৩ রানের বেশি তুলতে পারেনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন স্পিন বোলার অ্যাডাম জাম্পা।