কেউ কথা রাখেনি -- এ' কথা বলবো না
অথবা কেউ কথা রাখে না -- অংশিত সত্য হয়তোবা
কিন্তু আমার জন্য তা নয় ----
খ্যাপা ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধেছে কেউ
নীল পদ্মের পরাগরেণু মাখিয়েছে কেউ
আর সেই নিরামিষাশী আমি ক্রমেই মাংসভূক হয়েছি।
প্রতি বসন্তে ঝরাপাতার মর্মরধ্বনি শুনে সচকিত হই
বৃক্ষ বাকলের নিচে নতুন ত্বকের আস্তরণ খুঁজি,
অস্তাচল দেখে শঙ্কিত হই, অতীত হাতড়ে ফিরি,
দৃষ্টির গভীরে দৃষ্টি রাখি ---
মনের গভীরে গনগনে হাপরের নিঃশ্বাসে ঘেমে উঠি।
এইযে প্রকৃতি, বৃক্ষলতা, নদী, ঘাসফুল
ওরা চিরায়ত যৌবনের ধ্বজা ওড়াতে পারে,
শুধু আমিই পারি না --- কেননা,
মেয়াদোত্তীর্ণ টায়ারের মতো শতধা ছিন্নভিন্ন আমি
চশমার ভাঙা ফ্রেমে প্রেম খুঁজে হয়রান আমি,
মনে হয় অনেক বৃষ্টিতে ভিজে সপসপে কাক এক
ঘরের চালে বসে উত্তাপহীন রোদ মাখছি,
আর গা থেকে খসে পড়া যৌবনে জাগা
ভালোলাগা পালকের জলরঙে গোধূলির ছবি আঁকছি।