চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
- চৌগাছা (যশোর) প্রতিনিধি
-
২০২৩-১০-২২ ১৯:০৯:৪৯
- Print
চৌগাছায় চৌগাছা-মহেশপুর সড়কে উপজেলা টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপারের সময় আজিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (২২অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিদা বেগম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের বাসিন্দা রফজেল আলীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জাকির খান বলেন, আজ দুপুরে আজিদা বেগম চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে মহেশপুর থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে আজিদা মারাত্মক আহত হন। এ ঘটনায় চালক তার মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ায় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করে।
আহত আজিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিদুর রহমান ইমন বলেন, দুর্ঘটনায় রোগী মাথায় ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মারা গেছেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।