অভিনেতা শামীম ভিস্তি'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২১ সালের ২২ অক্টোবর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
শামীম ভিস্তি (মোঃ মিজানুর রহমান) ১৯৬৭ সালের ১২ মে, ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। তাঁর বাবার নাম মোঃ খবিবুর রহমান মিঞা, মা রহিমা বেগম।

দেশে মঞ্চনাটকের সাথে যুক্ত থাকা এই অভিনেতা এক সময় জাপানে পাড়িজমান। জাপানে থাকা অবস্থায়ও তিনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। 'স্বরলিপি কালচারাল একাডেমী' টোকিওর নিয়মিত অভিনেতা ছিলেন তিনি। সেখানকার স্থানীয় টেলিভিশনেও কাজ করেছেন। অভিনয় করেছেন জাপানি চলচ্চিত্রেও।
প্রায় একযুগের প্রবাস জীবন শেষে, ২০০০ সালের দিকে বাংলাদেশে চলে আসেন শামিম ভিস্তি।
ঢাকায় এসে আবার নিয়মিত হন মঞ্চে। নাট্য সংগঠন 'নাট্য চক্র'র একজন সদস্য ছিলেন তিনি। মঞ্চের পাশাপাশি অভিনয় করেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও।
তাঁর অভিনীত বহু টিভি নাটকের মধ্যে- একটি কবিতা শুনবে, শেষের আগে, বন্ধু আমরা, বউ দৌড়, বুঝলে বুঝপাতা, শেষের আগে, বিদেশ বাবু, জিন্দাবাহার, উল্লেখযোগ্য।
শামিম ভিস্তি বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন।

অন্তরে ঝড়, মেঘের পরে মেঘ, গহীনে শব্দ, পরবাসিনী'সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শামিম ভিস্তি ।
একাধারে মঞ্চ-টিভি-চলচ্চিত্র অভিনেতা ও মডেল ছিলেন শামিম ভিস্তি। প্রতিভাবান একজন অভিনেতা হিসেবে তিনি সকল শাখাতেই তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয়পাগল এই লোকটি নানা ধরণের চরিত্রে অভিনয় করে গেছেন। একজন ভালো অভিনেতা ও একজন ভালো মানুষ হিসেবে মিডিয়ার লোকদের কাছে বেশ সুপরিচিত ছিলেন শামিম ভিস্তি।