ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তর করা উচিত। শুক্রবার (১৩ই অক্টোবর) জাতিসংঘের একজন মুখপাত্র এ কথা বলেন।
জাতিসংঘ বলেছে, উত্তর গাজার ওয়াদি এলাকায় ১১ লাখ মানুষ বসবাস করে। যা সমগ্র গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘোষণা দিয়েছে তেল আবিব।
জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, বিধ্বংসী মানবিক পরিণতি ছাড়া এই ধরনের স্থানান্তর সম্ভব নয়।
গেল শনিবার (০৭ই অক্টোবর) হামাস যোদ্ধাদের আকস্মিক হামলার পর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল। এখনও গাজা সীমান্তে সেনা, ভারী কামান ও ট্যাঙ্ক নিয়ে স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
ইসরাইলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। অপর দিকে গাজায় ইসরাইলি পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ।