ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-১০-১০ ১৪:০২:১১
- Print
পদ্মা রেল সেতু এবং ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যদিয়ে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম ট্রেন চলাচল শুরু হলো। মঙ্গলবার সকালে মাওয়া রেল স্টেশনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বহু ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এরপর তিনি ট্রেনে চড়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যান। এ সময় সরকার প্রধান বলেন, দেশের অগ্রযাতা কেউ থামাতে পারবে না।
স্বপ্নের পদ্মা রেল সেতুতে ট্রেন চলবে, এজন্য মঙ্গলবার সকাল থেকেই উৎসবের আমেজ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সাজানো হয়েছে রাস্তাঘাট। ফুল দিয়ে সাজানো একটি ট্রেন মাওয়া রেল স্টেশনে অপেক্ষায় ছিল সকাল থেকে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা রেল সেতু ও ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করতে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে এসে এই সুধী সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে সুইচ টিপে প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করেন। যশোর পর্যন্ত এই রেলপথের দূরত্ব ১শ ৭২ কিলোমিটার। তবে আজ উদ্বোধন হলো ভাঙ্গা পযন্ত ৮২ কিলোমিটার রেলপথ।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলকে স্বপ্ন পূরণের দিন হিসেবে আখ্যায়িত করেন।
বলেন, বহু ষড়যন্ত্র কাটিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ যেন মর্যাদা নিয়ে চলতে পারে সেই লক্ষ্যে তাঁর সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, যোগাযোগ খাতে সরকারের কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ বদলে গেছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন নিয়ে কথা বলে তারাই সুষ্ঠু নির্বাচন চায় না।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মাওয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নেড়ে, বাঁশি বাজিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। এই ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পাড়ি দেন পদ্মাসেতু।