চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ,৩৯ বোতল মদ ও নগদ ১৫ লক্ষ টাকাসহ গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৮ ১৮:১৮:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় এসআরবি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫৯৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ,৩৯ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ১৫ লক্ষ ১৪ হাজার টাকা জব্দ করেছে। এর মধ্যে এসআরবির অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে খোররাম ওরফে সুমন(২৯), ৫ নং ওয়ার্ডের নলডুবরি গ্রামের  মৃত নিবারন কর্মকারের ছেলে প্রভাত কর্মকার(৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে  পবন কর্মকার(৪০)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে  বুধবার(১৮ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
 এসআরবি জানায়,গোপন খবরের ভিত্তিতে বুধবার সকাল পৌনে ৯টার দিকে পবন কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল এস্কাফ সিরাপ সহ তাঁকে আটক করা হয়। এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় সুমন ও প্রভাত কর্মকারের  বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের হেফাজত থেকে ১৭৩ বোতল এস্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১৫ লক্ষ ১৪ হাজার জব্দ করা হয় এবং তাঁদের আটক করা হয়। বুধবার বিকালে এসআরবি-৫ ব্যাটলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়,মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে (১৮ নভেম্বর) জহুরপুর বিওপির একটি টহলদল সদরের নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল এক্সাফ সিরাপ জব্দ হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল চকোপ্লাস সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে  মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি)অধিনায়ক লে.কর্নেল রকিব আহমেদ অভিযানগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। জব্দ মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। জব্দ মাদকদ্রব্যগুলো  সংম্লিস্ট থানায় জমা করা হয়েছে। যে কোন চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে  সার্বক্ষনিক নজরদারি বহাল রেখেছে বলেও জানান অধিনায়ক রাকিব।