আজ ১১ নভেম্বর ২০২৬ বুধবার সকাল এগারোটায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর শৈলপ্রপাত হলরুমে সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ প্রদানের সিদ্ধান্তের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান সমীপে আগামীর পথরেখাসহ “গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা” উপস্থানের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক
সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি লালমাটিয়া সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার অধ্যক্ষ আকমল হোসেন এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ড এর সাধারণ সম্পাদক ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভিসির
উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ। প্রেস ব্রিফিংয়ে গণসাক্ষরতা অভিযানের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি শিক্ষা পরিবারের সকল অংশীজনের পক্ষ থেকে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী স্বাক্ষরিত প্রস্তাবনা উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল
ইসলাম।
সিজুল ইসলাম তাঁর প্রস্তাবনায় উপস্থাপন করেন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমীপে সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ প্রদানের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামীর পথরেখাসহ “গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা”
শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী,
আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরকারের এই সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্তের ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী
নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং এটি শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতা, সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস।
গত ১০ অক্টোবর ২০২৬ গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের সমস্যা,
সম্ভাবনা ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে দেশের আট বিভাগের অন্তর্গত চর, হাওর, চা-বাগান, আদিবাসী, উপকূলীয়, পার্বত্য, বরেন্দ্র, অধুনালুপ্ত ছিটমহল ও সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা গবেষক, উন্নয়নকর্মী,
উন্নয়ন সহযোগী সংস্থা, প্রাইভেট সেক্টর, গণমাধ্যম এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।
উক্ত সম্মেলনের উদ্বোধনী সেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন উপস্থিত থেকে শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন। সম্মেলনে উত্থাপিত দাবি ও প্রস্তাবনাগুলো পরবর্তী সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও জনমত তৈরিতে ভূমিকা রাখে। একই অনুষ্ঠানের সমাপনীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি মহোদয়ও যোগ দিয়ে আন্তরিকভাবে অংশগ্রহণকারীদের মতামত শোনেন এবং ইতিবাচক মনোভাব পোষণ করেন।
আমরা মনে করি, সম্মেলনে উত্থাপিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রত্যাশার প্রতি সরকারের এই ইতিবাচক সাড়া একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। বিশেষ করে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার
অনুপ্রেরণামূলক সিদ্ধান্তটি সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব। তবে পুনঃপরীক্ষার সুযোগ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী কল্যাণ ও ভবিষ্যৎ সম্ভাবনাও নিশ্চিত করা জরুরী।
এ প্রেক্ষিতে আমরা সরকারের সক্রিয় বিবেচনার জন্য নিম্নোক্ত তিনটি প্রস্তাবনা উপস্থাপন করছি:
১. পুনঃপরীক্ষার সুযোগ বিষয়ে দ্রুত সুস্পষ্ট ও সামগ্রিক নীতিমালা প্রণয়ন ও প্রকাশ
এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ প্রদানের ক্ষেত্রে একটি সুস্পষ্ট, সমন্বিত, সামগ্রিক নীতিমালা (Comprehensive Policy Guidline) দ্রুত প্রণয়ন ও প্রকাশ করা প্রয়োজন। এই নীতিমালায় কোন পর্যায়ে কতটি বিষয়ে
অকৃতকার্য শিক্ষার্থী পুনঃপরীক্ষার সুযোগ পাবে, আবেদন ও পরীক্ষার সময়সীমা, ফি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণি বা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সুযোগ কীভাবে নিয়মিত ও
কার্যকর ব্যবস্থার আওতায় আনা যায়, সে বিষয়েও নীতিগত দিকনির্দেশনা থাকা জরুরী।
২. পুনঃপরীক্ষাতেও অনুউত্তীর্ণ এবং ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য বিকল্প হিসেবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান
যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারবে না অথবা বিভিন্ন কারণে সাধারণ শিক্ষাধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, আমাদের সেই সন্তানদের ভবিষ্যৎ যেন অনিশ্চিত ও অনিরাপদ হয়ে না পড়ে, সেজন্য সরকারকে একটি বিশেষ সমন্বিত কর্মসূচি গ্রহণের প্রস্তাব করছি। এক্ষেত্রে
শিক্ষার্থীদের আগ্রহ, যোগ্যতা ও স্থানীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), বিভিন্ন ট্রেডভিত্তিক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ (বিশেষ করে নার্সিং, কেয়ার গিভিং), বিজ্ঞান ও প্রযুক্তি, আইসিটি এবং উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণের
ব্যবস্থা করা যেতে পারে। প্রশিক্ষণ শেষে স্বীকৃত সনদ, ইন্টার্নশিপ, চাকুরির সংযোগ (ঔড়ন খরহশধমব), প্রাথমিক পুঁজি বা সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাঁদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যবস্থা থাকা প্রয়োজন এবং এ বিষয়ে মনোসামাজিক কাউন্সেলিংও দেওয়া
প্রয়োজন। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের কিছু দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। এর ফলে তাঁরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে
পারবে।
আমরা মনে করি, কোনো শিক্ষার্থী যেন শুধু পরীক্ষার ফলাফলের কারণে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বাইরে চলে না যায়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষা, দক্ষতা অর্জন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হওয়ার বিকল্প পথ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ
দায়িত্ব এবং আমরা জানি যে, বর্তমান সরকার এ বিষয়ে বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
৩. শতভাগ পাস ও শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর বস্তুনিষ্ঠ, বৈজ্ঞানিক গবেষণা ও কার্যকর মূল্যায়ন পরিচালনা
শিক্ষার প্রকৃত গুণগত মান, শিক্ষার্থীদের শিখনফল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তব অবস্থা অনুধাবনের জন্য, বিশেষ করে শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর সাফল্যের পেছনের কারণ এবং শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতা চিহ্নিত করা জরুরী। এজন্য
একটি বস্তুনিষ্ঠ, বৈজ্ঞানিক ও তথ্যভিত্তিক গবেষণা পরিচালনার প্রস্তাব করছি। এ গবেষণায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসংখ্যা ও যোগ্যতা, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিখনঘাটতি, অবকাঠামো, শিক্ষা উপকরণ, প্রতিষ্ঠান
ব্যবস্থাপনা, স্থানীয় আর্থিক ও সামাজিক বাস্তবতা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণের বিষয়গুলো বিশ্লেষণ প্রয়োজন।
এই গবেষণার মাধ্যমে প্রকৃত বাস্তবতা ও বৈষম্যের চিত্র উঠে এলে তা ভবিষ্যৎ শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং মানসম্মত ও গুণগত শিক্ষা (এসডিজি-৪) নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
এক্ষেত্রে গবেষণার ফলাফলকে কোনো প্রতিষ্ঠান বা শিক্ষককে শাস্তি দেওয়ার উপকরণ হিসেবে নয়, বরং সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সহায়তা এবং মেন্টরিং প্রদানের ভিত্তি হিসেবে বিবেচনা করা বাঞ্চনীয়।
সম্মানিত সংসদনেতা
আমরা বিশ্বাস করি, দক্ষতা অর্জন ও একজন শিক্ষার্থী পরীক্ষা পাসে ব্যর্থ হলে তাঁকে আরও একটি সুযোগ দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প শিক্ষার পথ তৈরি করে দেওয়াই হতে পারে একটি মানবিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের পরিচয়।
গণসাক্ষরতা অভিযান দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার গুণগত মান, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের গৃহীত এই উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের উল্লিখিত প্রস্তাবনাগুলো বিবেচনা
এবং এগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগসহ যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ড, শিক্ষাবিদ, গবেষক এবং নাগরিক সমাজের সঙ্গে গণসাক্ষরতা অভিযান প্রয়োজনীয় সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে
আগ্রহী।
পরিশেষে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা, সকল নাগরিকের জন্য শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং একটি দক্ষ, মানবিক ও বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ইতিবাচক উদ্যোগগুলোর জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।
প্রোগ্রাম অফিসার, গণসাক্ষরতা অভিযান