হারা হারা লাগে আজ তারা ভরা রাতে,
তারা বলে গেছে তারা আর ফিরবে না প্রাতে।
তোমার মুখের মতো ম্লান মুখে চাঁদটাও জাগে,
জোনাকি আলো মাগে তোমার আঙ্গুলের ফাঁকে।
মুক্তো তোমার দাঁতের আভায় শুভ্র হতে শেখে,
ভ্রমর শেখে কালো হতে তোমার কাজল মেখে।
ময়ূর তোমার অলস চলনে ছন্দ খুঁজে পায়।
পাহাড় তোমার নীরব অভিমানে উচ্চতা হারায়।
বাঁশি তোমার কণ্ঠ শুনে সুর খুঁজে পায় শত,
যমুনা তোমার চোখে ডুবে মাপে গভীরতা কত।
বসন্ত তোমার হাসি দেখে শেখে ফোটাতে ফুল,
ঊষা তোমার ঠোঁটের রঙের হিসাব করে ভুল ।
ঝড়ের হাওয়া থমকে দাঁড়ায় তোমার এলোচুলে
কোকিল তোমার কণ্ঠ শুনে সুর গিয়েছে ভুলে।
তুমিহীনা পূর্ণিমাতেও আমার অমাবস্যার ঘোর,
তোমার ছাড়া কাটে না আর অচেনা এই ভোর।
হৃদয় আমার তপ্ত মরু, বুকে জ্বলে সাহারার দহন,
ফাগুন ওড়াই মেঘের কেতন দুচোখে অশ্রু প্লাবন ।