১০ দিনের প্রশিক্ষণে বরাদ্দ ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা, জনপ্রতি নয়-প্রতিটি উপজেলায় ৩০ জন অংশ নেবেন
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে দেশের ২২টি উপজেলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় মোট ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা।
সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।
এ বিষয়ে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, নির্বাচিত ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিটির জন্য ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে ৩০ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। সব মিলিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন ৬৬০ জন।
যেসব উপজেলায় হবে প্রশিক্ষণ
প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত উপজেলাগুলো হলো-
নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর; চট্টগ্রামের পটিয়া,রাউজান ও সাতকানিয়া; কক্সবাজার সদর ও রামু; রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু; নরসিংদীর রায়পুরা ও শিবপুর; ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ; নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া; পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর; সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট।
প্রশিক্ষণ খাতে বরাদ্দ ১৬ কোটি ৬১ লাখ টাকা
প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ কার্যক্রমের জন্য মোট ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ আয়োজনের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।
সফট স্কিলস প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা,যোগাযোগের সক্ষমতা,দলগতভাবে কাজ করার যোগ্যতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য আচরণগত ও পেশাগত সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা,এ প্রশিক্ষণের ফলে প্রান্তিক পেশাজীবীরা কর্মক্ষেত্রে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাঁদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, এখন সেটিই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ পেলে এ কর্মসূচির সুফল আরও বিস্তৃত হতে পারে।
প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণ,সফট স্কিলস প্রশিক্ষণ,সমাজসেবা অধিদপ্তর